কুষ্টিয়া সীমান্তে অবৈধভাবে ৮ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির সতর্ক নজরদারিতে সেই অপচেষ্টা ব্যর্থ হয়। আজ শুক্রবার ভোর ৫টা ১০ মিনিটে এই ঘটনা ঘটে। বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, ৪৭ বিজিবির অধীন জয়পুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) দায়িত্বপূর্ণ এলাকার ১৫২/১-এস নম্বর সীমান্ত পিলারের সংলগ্ন এলাকায় এই অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়। ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথে সাঁতার কেটে ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। ওই ৮ জনের মধ্যে ২ জন পুরুষ, ৪ জন নারী এবং ২ জন ট্রান্সজেন্ডার ব্যক্তি ছিলেন।
সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবির টহলদল তাৎক্ষণিকভাবে বিষয়টি শনাক্ত করে এবং ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বিজিবির দৃঢ় অবস্থানের মুখে অনুপ্রবেশের চেষ্টাকারীরা পুনরায় নদীপথেই ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন।
সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল বলেন, "সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের প্রচেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।"