নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নে জান্নাতুল নামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে জেলার মানুষ।

সোমবার (২০ জুলাই) রাত ১০টার দিকে নড়াইল সদর হাসপাতাল চত্বরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত জনতা ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মুহূর্তের মধ্যেই পুরো হাসপাতাল এলাকা উত্তাল হয়ে ওঠে।

সমাবেশ থেকে বক্তারা প্রশাসনের কাছে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তারের আলটিমেটাম দেন। অন্যথায় সামনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে বক্তব্য দেন জেলা এনসিপির সদস্য সচিব প্রকৌশলী মাহমুদা সুলতানা রিমি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সদস্য সচিব আমিরুল ইসলাম রানা, যুগ্ম আহ্বায়ক শাফায়াত উল্লাহ, কনটেন্ট ক্রিয়েটর প্রান্ত মজুমদার প্রমুখ।

তারা বলেন, রামচন্দ্রপুর গ্রামে মাত্র পাঁচ বছরের এক অবুঝ শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে, যা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। আমরা প্রশাসনকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতকে আইনের আওতায় আনতে হবে। অপরাধীকে কোনোভাবে আড়াল করার চেষ্টা করা হলে নড়াইলবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রকিবুল হাসান বলেন, আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল ইতোমধ্যেই মাঠে নেমেছে। অপরাধীকে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সর্বাত্মক অভিযান ও প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

গত রোববার (২০ জুলাই) সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর পাচুড়িয়াপাড়া গ্রামে জান্নাতুল নামে পাঁচ বছরের শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়।