বগুড়া সদর উপজেলার মাটিডালী এলাকায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এক যুবককে ছুরিকাঘাত করে হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসাধীন অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, রাত পৌনে ১০টার দিকে বারোপুর-নামুজা সড়কের মাটিডালী এলাকায় ছয় থেকে সাত জনের একটি দল আসে। তারা প্রথমে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে সরে যায়। এরপর হামলাকারীরা মো. মোকসেদ আলী নামের এক যুবককে ঘিরে ধরে এলোপাতাড়াড়ি ছুরিকাঘাত করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহত যুবক মো. মোকসেদ আলী মাটিডালী উত্তরপাড়া এলাকার মো. হায়দার আলীর ছেলে। তিনি পঞ্চগড়ে স্বর্ণের কাজ করেন এবং মাঝে মাঝে এলাকায় এসে কিছুদিন থাকেন। প্রতিবেশী মো. সাব্বির ইসলাম জানান, মোকসেদের স্থানীয় কোনো বিরোধ রয়েছে কিনা তা তাদের জানা ছিল না। তবে পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, বারোপুর-নামুজা সড়কের প্রায় ৩২ বিঘার আমবাগানের মালিকানা ও ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে মোকসেদ আলীকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছিল।
হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা উপস্থিত হন। পরে বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি ইকবাল বাহার এবং র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ অভিযান চালিয়ে দুটি গুলির খোসা, দুই জোড়া জুতা ও কয়েকটি লাঠিসোঁটা উদ্ধার করেছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বগুড়া সদর সার্কেল) মো. রায়হান উদ্দিন মোরাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সাধারণ মানুষকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে প্রথমে ফাঁকা গুলি ছোড়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এরপর মোকসেদকে একা পেয়ে ছুরিকাঘাত করা হয়। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করা দুটি গুলির খোসা প্রাথমিকভাবে সাত দশমিক ৬৫ এমএম বোরের বলে ধারণা করা হচ্ছে। তবে ওই অস্ত্র থানা থেকে লুণ্ঠিত কোনো অস্ত্র নয়। আমবাগানকেন্দ্রিক পূর্বশত্রুতার জের ধরেই হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় শুধু মোকসেদ আলী আহত হয়েছেন। তার কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।