সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষ, নারী ও নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার রাতে দেড়টার দিকে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর মালিকানাধীন ভবনের দ্বিতীয় তলার ওই ফ্ল্যাটে মরদেহগুলো পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট ওই নারী ও পুরুষ ভাড়াটিয়া হিসেবে বাসায় ওঠেন। তারা নিজেদের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দিলেও দীর্ঘদিন ধরে দরজা-জানালা বন্ধ রাখায় সন্দেহ হয় প্রতিবেশীদের। শুক্রবার রাতে কক্ষ থেকে তীব্র পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ এসে তালা ভেঙে ভেতরে ঢুকে অর্ধগলিত মরদেহগুলো উদ্ধার করে।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তদন্তে তাদের পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করা সম্ভব হয়নি। আলামত সংগ্রহে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিম কাজ শুরু করেছে। পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও আশুলিয়া থানা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, "ঘটনার রহস্য উদ্ঘাটন, নিহতদের পরিচয় নিশ্চিতে একাধিক দল কাজ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড হতে পারে। পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া গেছে।"