বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে গত কয়েকদিন ধরে চলমান ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি আজ শনিবার (৫ সেপ্টেম্বর) থেকে স্থগিত ঘোষণা করা হয়েছে। সকাল নয়টার দিকে হাসপাতালের সেবা কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর ই মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, "ইন্টার্ন চিকিৎসকরা চিকিৎসাসেবা দেওয়া শুরু করেছেন। বর্তমানে হাসপাতালের সেবা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।"
গত মঙ্গলবার রাতে হাসপাতালে এক রোগীর মৃত্যু নিয়ে উত্তেজনার সূত্রপাত হয়। এ সময় রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ বাঁধে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। সংঘর্ষের তীব্র প্রতিক্রিয়ায় হামলাকারীদের গ্রেপ্তার, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ চার দফা দাবি আদায়ে ওই রাতেই অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নেন ইন্টার্ন চিকিৎসকরা। এরপর থেকে হাসপাতালের বহির্বিভাগসহ সকল নিয়মিত চিকিৎসা কার্যক্রম স্থগিত হয়ে যায়।
ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের করা মামলায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। তাদের মধ্যে শাখা ছাত্রদলের পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে এক আনসার সদস্যকে বরখাস্ত এবং আনসার কমান্ডারসহ ২০ জনকে বদলি করা হয়েছে।
পরিস্থিতি শান্ত করতে স্থানীয় প্রশাসন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), হাসপাতাল কর্তৃপক্ষ ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের সমন্বয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রাথমিকভাবে বৈঠকের সিদ্ধান্তেও কর্মবিরতি চালিয়ে যাওয়ার পক্ষে থাকলেও, প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও আলোচনার পর সাময়িকভাবে কাজে ফেরার সিদ্ধান্তে আসেন তারা।
ইন্টার্ন চিকিৎসক রিতুল মণ্ডল স্নিগ্ধ বিষয়টি ব্যাখ্যা করে বলেন, "দাবিগুলো বাস্তবায়নের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আমরা সাময়িকভাবে কাজে যোগ দিয়েছি। পরিস্থিতি ঠিকঠাক থাকলে চিকিৎসাসেবা চালু থাকবে। অন্যথায় পরবর্তীতে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।"