ফরিদপুরের মধুখালী উপজেলায় বেড়াতে গিয়ে মো. রহমত আলী (৪৩) নামে পল্লি সঞ্চয় ব্যাংকের এক শাখা ব্যবস্থাপকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রহমত আলী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার খাগালিয়া গ্রামের বাসিন্দা এবং দেওয়ান আলীর ছেলে। তিনি নরসিংদীর একটি পল্লি সঞ্চয় ব্যাংক শাখায় ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে ঢাকা থেকে বন্ধুদের সঙ্গে মধুখালীতে বেড়াতে যান রহমত আলী। তারা স্থানীয় আলতুখান জুট মিলস লিমিটেডের মালিক লোকমান হোসেনের বাসায় অতিথি হিসেবে অবস্থান করছিলেন। দিনভর ঘোরাঘুরির পর রাতে খাবার খেয়ে বিশ্রাম নেওয়ার সময় তিনি আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত ও চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

এদিকে মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল আমীন মুক্তকণ্ঠকে জানান, রোববার রাত ১০টা ৬ মিনিটে রহমত আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

এদিকে আলতুখান জুট মিলসের মালিক লোকমান হোসেন মুক্তকণ্ঠকে বলেন, তার পরিচিত সোহান নামে এক ব্যক্তির আমন্ত্রণে আটজনের একটি দল বেড়াতে এসেছিল। সোহানের সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় মুক্তকণ্ঠকে জানান, লাশ সুরতহাল প্রতিবেদনে মরদেহে কোনো আঘাতের চিহ্ন কিংবা মুখে অস্বাভাবিক কোনো গন্ধ পাওয়া যায়নি। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

তিনি আরও জানান, সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তারা ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।