মৌলভীবাজারের কমলগঞ্জের রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলে হামহাম জলপ্রপাত দেখতে গিয়ে পিছলে পড়ে আহত হয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থী। সোমবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথ অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে।
আহত শিক্ষার্থীর নাম তানভীর আহমদ অনিক (২৯)। জানা গেছে, আজ সকালে ঢাকা থেকে বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী হামহাম জলপ্রপাতে ভ্রমণে গিয়েছিলেন।
ফায়ার সার্ভিস ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, টানা বৃষ্টির ফলে পাহাড়ি ছড়া ও পাথর অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়েছিল। জলপ্রপাতের দিকে যাওয়ার পথে বেলা আড়াইটার দিকে তানভীর আহমদ পিছলে পড়ে হাতে গুরুতর আঘাত পান। দুর্গম পাহাড়ি পথের কারণে তাঁর পক্ষে সেখান থেকে ফিরে আসা সম্ভব হচ্ছিল না। এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সাহায্য চান।
বেলা তিনটার দিকে ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানা-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের নিয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। বিকেল ৪টা ৪৫ মিনিটে আটকে পড়া ১০ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়। আহত তানভীর আহমদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বাকি ৯ জন সুস্থ ছিলেন। চিকিৎসা শেষে ১০ শিক্ষার্থী নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হন।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার আকতার হোসেন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা উদ্ধারকারী দল নিয়ে হামহামের উদ্দেশে রওনা দিই। বৃষ্টির কারণে পুরো পথ অত্যন্ত পিচ্ছিল ছিল। একজন পর্যটক ঝরনার ওপরের অংশে পড়ে গিয়ে হাতে গুরুতর আঘাত পান। স্বাভাবিকভাবে তাঁকে হাঁটিয়ে নিয়ে আসা সম্ভব ছিল না। তাই ঘটনাস্থলেই বাঁশ, বস্তা ও প্রয়োজনীয় উপকরণ দিয়ে অস্থায়ী একটি স্ট্রেচার তৈরি করা হয়। এরপর অত্যন্ত সতর্কতার সঙ্গে পাহাড়ি দুর্গম পথ অতিক্রম করে তাঁকে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়।’
ট্যুরিস্ট পুলিশের শ্রীমঙ্গল জোনের পরিদর্শক প্রজিত কুমার দাস জানান, দুর্গম পাহাড়ি পথ ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সমন্বিতভাবে কাজ করার ফলে খুব অল্প সময়ের মধ্যেই আটকে পড়া সব পর্যটককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি বলেন, "চিকিৎসা শেষে পর্যটক দল নিরাপদে নিজ গন্তব্যে ফিরে গেছে। ভবিষ্যতে এমন ঝুঁকি এড়াতে বর্ষাকালে হামহামসহ পাহাড়ি এলাকায় ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তিনি।"