খুলনার আলোচিত কিশোরী আরফানা হোসেন নির্জনা (১৭) হত্যা মামলায় নিজের মেয়েকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বাবা মো. আলীম হোসেন আকাশ (৪০)।
রোববার (১৯ জুলাই) খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক মো. আসাদুর জামানের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যা মামলার আসামি আলীম হোসেন আকাশ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এর আগে, শনিবার (১৮ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজার এলাকা থেকে র্যাব-৬ স্পেশাল কোম্পানি এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানার যৌথ অভিযানে আলীম হোসেন আকাশকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, গত ৮ জুলাই রাতে নির্জনাকে হত্যা করা হয়। হত্যার পর তার মরদেহ একটি প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কে ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় খুলনা সদর থানার নারী উপপরিদর্শক (এসআই) লাভলী আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্তে প্রযুক্তিগত তথ্য, আলামত ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে নিহতের বাবা আলীম হোসেন আকাশের সম্পৃক্ততার প্রমাণ পায় পুলিশ।
এর আগে গত ১০ জুলাই নিহতের মা আরিফা ইয়াসমিন সিমাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তিনিও আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পুলিশ জানিয়েছে, পারিবারিক বিরোধের জের ধরে নির্জনাকে হত্যা করা হয়। পরে হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে মরদেহ বস্তাবন্দি করে প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রাখা হয়েছিল।