ফেনীর সোনাগাজীতে শক্তিশালী টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে একটি গ্রাম। মাত্র ৪০ সেকেন্ড স্থায়ী এই প্রাকৃতিক দুর্যোগে অন্তত ৩৫টি বাড়ি বিধ্বস্ত হয়েছে এবং উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা ও বিদ্যুতের খুঁটি। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যমে স্বরাজপুর গ্রামে এই টর্নেডো আঘাত হানে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তদের সূত্রে জানা গেছে, আজ সকাল থেকেই হালকা বৃষ্টি হচ্ছিল। দুপুর ১২টার দিকে হঠাৎ বিকট শব্দে টর্নেডো শুরু হয়। মাত্র ৪০ সেকেন্ড স্থায়ী এই টর্নেডোটি যেদিক দিয়ে গেছে, সেদিকের সবকিছু ধ্বংসস্তূপে পরিণত করেছে। প্রবল বাতাসে বাড়িঘরের টিন, গাছপালা, বিদ্যুতের খুঁটি, বাঁশ ও আসবাবপত্র উড়ে যায়। ঝড়ে গ্রামের চারটি বৈদ্যুতিক খুঁটি এবং শতাধিক গাছ ভেঙে পড়েছে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে সত্তরোর্ধ্ব বৃদ্ধ সাহাব উদ্দিন বলেন, ‘আমার ৭০ বছর বয়সের জীবনে এমন টর্নেডো আর দেখিনি। প্রবল বাতাসে সব ওপরে উঠে যাচ্ছিল। আমরা কোনোমতে রক্ষা পেয়েছি। হঠাৎ করে যেন কিয়ামত বয়ে গেছে। ঘরের চাল উড়ে গেছে, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে।’

টর্নেডোর আঘাতে সম্পূর্ণ ঘর হারানো জয়নাল আবেদিন বলেন, ‘এনজিও থেকে ঋণ নিয়ে এবং ধার করে অনেক কষ্টে ঘর নির্মাণ করেছি। হঠাৎ টর্নেডোর আঘাতে আমার সবকিছু শেষ হয়ে গেছে। বৃষ্টির মধ্যে পরিবারের সবাইকে নিয়ে এখন কোথায় আশ্রয় নেব, সেই চিন্তায় পড়েছি।’

বিকেলে সরেজমিনে দেখা যায়, স্বরাজপুর গ্রামের কয়েক শ মিটার এলাকা জুড়ে ধ্বংসের চিহ্ন ছড়িয়ে আছে। মেঠো পথ ও ধানখেতের পাশে পড়ে আছে ঘরের টিন ও গাছপালা। অনেক জায়গায় তারসহ উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি।

মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন জানান, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছি। ক্ষতিগ্রস্তদের দুর্দশা দেখেছি। ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সহযোগিতার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।’

সোনাগাজী উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মোস্তফা কামাল জানান, ঝড়ে বিদ্যুতের কয়েকটি খুঁটি ভেঙে পড়েছে এবং বেশ কিছু তার নষ্ট হয়েছে। পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা সেগুলো মেরামতের কাজ করছেন।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা জানান, টর্নেডোর আঘাতে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি তিনি জানেন। ক্ষতিগ্রস্তদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং পরবর্তী সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।