গতকাল শনিবার (১৮ জুলাই ২০২৬) ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সদস্য অধ্যাপক মো. হাসান কাউসার।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ইস্টার্ন ইউনিভার্সিটি পরিবারে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রধান অতিথি অধ্যাপক বোরহান উদ্দিন খান তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের ন্যায়বোধ, সততা, মানবিক মূল্যবোধ এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজেদের দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। উচ্চশিক্ষার পাশাপাশি যুক্তিবোধ, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং সামাজিক দায়বদ্ধতা অর্জনের গুরুত্বের কথা উল্লেখ করেন তিনি।

বিশেষ অতিথি অধ্যাপক মো. হাসান কাউসার শিক্ষার্থীদের গবেষণামুখী শিক্ষা, উদ্ভাবনী চিন্তা এবং পেশাগত উৎকর্ষ অর্জনে মনোনিবেশ করার পরামর্শ দেন। তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়জীবন একজন শিক্ষার্থীর ব্যক্তিগত ও পেশাগত বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।"

অতিথির বক্তব্যে গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও ইস্টার্ন ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী মো. আবদুল্লাহ-আল-মাসুম নবীনদের প্রতি আহ্বান জানান যেন তারা বিশ্ববিদ্যালয়জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশ করতে পারে।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ আহমদ সোবহানী শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে নিবেদিত যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক আব্দুর রব নবীন শিক্ষার্থীদের শপথ পাঠ করান এবং শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের কথা বলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. শামসুল হুদা। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার আবুল বাশার খান, আইন অনুষদের ডিন এ বি এম ইমদাদুল হক খান এবং লাইফ সায়েন্স অনুষদের উপদেষ্টা অধ্যাপক ফিরোজ আহমেদ। ওরিয়েন্টেশন প্রোগ্রামের কনভেনর ও আইন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মামুনুর রশিদ সমাপনী বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, সহায়তা সেবা, বিভিন্ন ক্লাবের কার্যক্রম এবং ক্যাম্পাসের সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। সবশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি শেষ হয়।