তরুণ প্রজন্মের সৃজনশীল চিন্তার বিকাশ, গবেষণা ও সমসাময়িক মাধ্যমে লেখালেখির কলাকৌশল নিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিশেষ কর্মশালা ‘ওয়ার্কশপ অন রিসার্চ অ্যান্ড রাইটিং (সেশন ০১)’।

ইউআইইউ লিটারেচার অ্যান্ড রাইটার্স ফোরাম এবং ডিরেক্টরেট অব ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্সের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এই আয়োজন সম্পন্ন হয়। এতে নলেজ পার্টনার হিসেবে যুক্ত ছিল ‘রিসার্চ বাডি’।

কর্মশালায় আমন্ত্রিত বক্তা হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় যুক্ত হন কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহিতুল ইসলাম। এ ছাড়া স্পিকার হিসেবে উপস্থিত থেকে গবেষণা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ডের গবেষণা সহকারী মো. ওমর ফারুক এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সিএসই বিভাগের প্রভাষক আজওয়াদ আবরার।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে রাহিতুল ইসলাম বলেন, ‘লেখালেখি কোনো জটিল বা দূরবর্তী বিষয় নয়; আমাদের প্রাত্যহিক জীবনের ছোট ছোট গল্প, সংগ্রাম ও স্বপ্নই সাহিত্যের আসল উপাদান। ডিজিটাল যুগে শব্দের শক্তি অপরিসীম। নিজের অভিজ্ঞতা ও সমাজের বাস্তবতাকে সাহসের সঙ্গে তুলে ধরতে পারলে সেই গল্পই ইতিবাচক পরিবর্তনের হাতিয়ার হতে পারে।’ সেশনে তিনি ডিজিটাল প্ল্যাটফর্মে স্টোরিটেলিং, কনটেন্ট রাইটিং, প্রযুক্তি ও মানবিক আবেগের মেলবন্ধন এবং লেখালেখিকে পেশা হিসেবে বেছে নেওয়ার বাস্তবসম্মত নানা দিক তুলে ধরেন।

মূল আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মুক্ত প্রশ্নোত্তর পর্ব। সেখানে শিক্ষার্থীরা লেখালেখির নানা চ্যালেঞ্জ, বই প্রকাশের প্রক্রিয়া ও ডিজিটাল মাধ্যমে লেখার কৌশল নিয়ে বক্তাদের সঙ্গে সরাসরি কথা বলেন।

ইউআইইউর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান অধ্যাপক শেখ মোহাম্মদ শফিউল ইসলাম বলেন, এ ধরনের বাস্তবমুখী উদ্যোগ শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার বাইরে নিজস্ব চিন্তাভাবনা ও সৃজনশীল প্রকাশক্ষমতার বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক তানজিলা আমীর, ইউআইইউ লিটারেচার অ্যান্ড রাইটার্স ফোরামের সভাপতি লুৎফুল খবীর রাউফু, সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম ও অর্থ সম্পাদক বদরুল আলম লিয়নসহ সাধারণ শিক্ষার্থীরা।