মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) মাধ্যমিক পর্যায়ের ৫৩ হাজার ৭৬০ জন শিক্ষককে ৪২ দিনব্যাপী পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের আওতায় বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ের শিক্ষকরা এই সুযোগ পাবেন। আগ্রহী ও যোগ্য শিক্ষকদের ১৫ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) মাউশির জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে লেস প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের শিখন ত্বরান্বিতকরণে সহায়তা করার লক্ষ্যে বিষয়ভিত্তিক দক্ষতা বৃদ্ধির জন্য এই প্রশিক্ষণ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় প্রায় ৫৪ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার স্বার্থে বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনারদের একটি পুল গঠন করা হবে। নীতিমালা অনুযায়ী পেশাগত মানদণ্ডের ভিত্তিতে অনলাইন আবেদনকারীদের মধ্য থেকে এই মাস্টার ট্রেইনার পুল তৈরি করা হবে। আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান বা কর্তৃপক্ষের কাছ থেকে অগ্রায়ণপত্র দাখিল করতে হবে। আবেদনপত্রে মাস্টার ট্রেইনার ট্রেনিং গ্রহণের অনুমতি এবং প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট কেন্দ্রে ক্লাস নেওয়ার জন্য অনাপত্তি প্রদান সম্পর্কিত উল্লেখ থাকতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে প্রশিক্ষক হিসেবে অভিজ্ঞতা বা প্রশিক্ষণ গ্রহণের সনদপত্রসহ অন্যান্য প্রামাণ্য কাগজপত্র দাখিল করতে হবে।
নির্ধারিত লিংকে প্রয়োজনীয় কাগজপত্রসহ ১৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়ায় কোনো কারিগরি সমস্যায় মোবাইল নম্বর ০১৩৪৬১৫০৭৯০ বা ই–মেইল [email protected]-এ যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে.