বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ছাত্রদের দিয়ে পরীক্ষার খাতা মূল্যায়নের ঘটনায় অভিযুক্ত এক শিক্ষককে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। পাশাপাশি তাকে বোর্ডের সকল পরীক্ষা সংক্রান্ত কার্যক্রমে আজীবন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নরসিংদী জেলার মাধবদী উপজেলার গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন ২০২৬ সালের উত্তরপত্র নিজে যাচাই না করে ছাত্রদের দিয়ে তা মূল্যায়ন করিয়েছিলেন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে শিক্ষামন্ত্রী তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত বুধবার (২ সেপ্টেম্বর) বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মাধবদী থানায় পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০-এর অধীনে মামলা দায়ের করেন। বিধিবহির্ভূত কর্মকাণ্ডের দায়ে মো. নাসির উদ্দিনকে পরীক্ষকের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়াও তাকে বোর্ডের যাবতীয় পরীক্ষা সংক্রান্ত কার্যক্রমে আজীবন অযোগ্য হিসেবে ঘোষণা করা হয়েছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জালিয়াতির অভিযোগে ৮ শিক্ষককে শোকজ দিল
৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৫১ অপরাহ্ণ