কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে আকস্মিক টর্নেডোর আঘাতে পর্যটকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ শুক্রবার বিকেল পৌনে তিনটার দিকে এই প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। এতে সৈকতে পর্যটকদের ব্যবহারের জন্য রাখা অর্ধশতাধিক চেয়ার ও ছাতা ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, টর্নেডোটি প্রায় তিন থেকে পাঁচ মিনিট স্থায়ী ছিল। এই সংক্ষিপ্ত সময়ে সুগন্ধা পয়েন্টে অবস্থানরত পর্যটকদের মধ্যে হুড়োহুড়ি ও ছোটাছুটি শুরু হয়। তবে স্বস্তির বিষয় এই যে, টর্নেডোর আঘাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনা প্রসঙ্গে কক্সবাজার কিটকট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, "সাগর থেকে ধীরে ধীরে বালুচরের দিকে এগোতে থাকে টর্নেডো। বেলা পৌনে তিনটার দিকে এটি সৈকতে আঘাত হানে। টর্নেডোর আঘাতে সৈকতে থাকা ৫২টি কাঠের চেয়ার ও ৬১টি ছাতা ভেঙে গেছে।"