চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি যাত্রীবাহী মিনিবাস উল্টে অন্তত ১৪ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পটিয়ার মনসা বাদামতল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
হাইওয়ে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মিনিবাসটি চট্টগ্রাম নগর থেকে পটিয়া বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছিল। দ্রুতগতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মনসা বাদামতল এলাকায় বাসটি সড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনার পরপরই আহত ১৪ যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত কমিউনিটি মেডিক্যাল অফিসার মিজানুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, "আহত ১৪ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।"
তিনি আরও জানান, বাকি ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
এদিকে পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ মুক্তকণ্ঠকে বলেন, "দুর্ঘটনাকবলিত মিনিবাসটি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।"






