বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি রেখেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে নির্দিষ্ট কিছু অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে হবে।
সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে সাগরের মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সাথে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়ার আরেকটি বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই কারণে আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, গতকাল বুধবার আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছিল, বঙ্গোপসাগরে গতকাল সকালে আবার একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এ কারণে দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। লঘুচাপটির নিম্নচাপে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এতে দু–এক দিন বৃষ্টি বাড়লেও প্রায় আট দিন ধরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, সে রকম মোটেও হবে না।