গণভোটে পাওয়া জনরায় কার্যকর না করে সরকার ভুল পথে হাঁটছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর মতে, জুলাই সনদের আইনগত ভিত্তি তৈরির পরিবর্তে সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়ে জনগণের প্রত্যাশা থেকে দূরে সরে এসেছে।

বুধবার রাতে খুলনার খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হলে ১১–দলীয় ঐক্য খুলনার আয়োজনে ‘জুলাই অভ্যুত্থানের চেতনা: সাম্প্রতিক বাস্তবতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা একটি ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো পরিবর্তন করে গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই জুলাই সনদ প্রণয়ন করেছি। জনগণের দেওয়া রায়ের প্রতি সম্মান জানিয়ে সেটির পূর্ণাঙ্গ বাস্তবায়নই এখন সময়ের দাবি।’

জুলাই সনদের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্নমত থাকলেও গণভোটে জনগণ ৮৪টি ঐকমত্যের সবকটি বিষয়েই সমর্থন দিয়েছে বলে দাবি করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি আরও বলেন, নির্বাচনের পর কোনো রাজনৈতিক দল নিজের সুবিধামতো কিছু অংশ গ্রহণ করে বাকি অংশ উপেক্ষা করতে পারে না।

বিএনপির সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, ‘বিএনপি জুলাই সনদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এড়িয়ে যেতে চায়, কারণ সেগুলো বাস্তবায়িত হলে কর্তৃত্ববাদী শাসন, দলীয়করণ, দুর্নীতি ও দমন-পীড়নের সুযোগ সংকুচিত হবে।’

ক্ষমতায় আসার পর বিএনপি রাষ্ট্রপতির আদেশ, গণভোট এবং জুলাই সনদের বাধ্যবাধকতাকে অস্বীকার করছে বলে অভিযোগ করেন তিনি। এই সমস্যার সমাধান প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সংসদে যদি এ সমস্যার সমাধান না হয়, তাহলে জনগণের কাছেই যেতে হবে। যে সমাধান সংসদে হওয়ার কথা, সেটি রাজপথে জনগণকে আদায় করতে হতে পারে। তবে সেটি কতটা শান্তিপূর্ণ হবে, তা বলা যায় না। এতে সংঘাতের আশঙ্কা রয়েছে।’

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির এমরান হুসাইন। মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি শাহ আলমের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মাহফুজুর রহমান আখন্দ।