মৌলভীবাজারের রাজনগর এলাকার বন্যাদুর্গত ও অসুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করেছে বাংলাদেশ বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)। বুধবার এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। চিকিৎসার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের মাঝে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ বিমানবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাম্প্রতিক বন্যায় দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাফওয়া। এরই ধারাবাহিকতায় বাফওয়ার সভানেত্রী সালেহা খানের উদ্যোগ ও দিকনির্দেশনায় মৌলভীবাজার রাডার ইউনিটের তত্ত্বাবধানে বাফওয়া উপ-আঞ্চলিক শাখা রাজনগর এলাকায় এই সহায়তা প্রদান করে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিমানবাহিনী প্রধান এবং বাফওয়ার সভানেত্রীর দিকনির্দেশনায় এই ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এই লক্ষ্যে বিমানবাহিনী প্রধান ইতিমধ্যে বাহিনীর সব ঘাঁটি ও ইউনিটকে প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ বিমানবাহিনীর রেসকিউ টিম, হেলিকপ্টার এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।






