রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সকল পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেল পাঁচটায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ জুলাই জেলা প্রশাসনের নির্দেশনায় সাজেক ভ্রমণে যে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে। এর ফলে এখন থেকে পর্যটকরা আগের মতোই সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটনকেন্দ্র ভ্রমণ করতে পারবেন।

তবে বর্ষা মৌসুম হওয়ায় পার্বত্য এলাকায় ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের বাড়তি সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে স্থবির হয়ে পড়া পর্যটন খাতে নতুন করে গতি ফিরবে বলে আশা করছেন স্থানীয় প্রশাসন ও পর্যটন সংশ্লিষ্টরা। এরই মধ্যে পর্যটকদের স্বাগত জানাতে সাজেকের বিভিন্ন রিসোর্ট ও কটেজগুলো প্রস্তুতি গ্রহণ শুরু করেছে।

এই বিষয়ে রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা মুক্তকণ্ঠকে বলেন, "টানা বৃষ্টি ও সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তাঁদের প্রতিষ্ঠানে প্রায় ২০ শতাংশ বুকিং বাতিল হয়েছে। এতে প্রতিদিন প্রায় ৩০ হাজার টাকা করে মোট ২ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।"