অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে ঢাকার বিভিন্ন এলাকায় পানিবন্দী হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে গুলশান সোসাইটি। মঙ্গলবার সংগঠনটির উদ্যোগে কড়াইল বস্তিসহ আশপাশের এলাকার সংকটাপন্ন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দুর্যোগকালীন সময়ে দুর্গত মানুষের তাৎক্ষণিক খাদ্যসংকট দূর করার লক্ষ্যেই এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। খাবার বিতরণ অনুষ্ঠানে গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত, মহাসচিব মজিবুর রহমান মৃধা এবং সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত বলেন, ‘জলাবদ্ধতার কারণে বিপুলসংখ্যক মানুষ বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন। এই সংকটের মুহূর্তে পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানো আমাদের নাগরিক ও নৈতিক দায়িত্ব। গুলশান সোসাইটি সব সময় সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’
সমাজের সর্বস্তরের মানুষকে এই মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘পানিবন্দী মানুষের এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন জরুরি খাদ্য ও বিশুদ্ধ পানি। আমরা সাধ্যমতো তাদের কষ্ট কিছুটা লাঘব করার চেষ্টা করছি। সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনকেও এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’






