নীলফামারীর ডোমার উপজেলার এক দেড় বছর বয়সী শিশুর জীবন বাঁচাতে জরুরি হৃদ্‌যন্ত্রের অস্ত্রোপচারের প্রয়োজন। শিশুটি সুজানা মনি, যার হৃদ্‌যন্ত্রে ছিদ্র ধরা পড়েছে। তবে দরিদ্র পরিবারের পক্ষে অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় কয়েক লাখ টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না।

সুজানা মনি ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা সুজন ইসলামের কন্যা। তার বাবা সুজন ইসলাম সামান্য বেতনে একটি দোকানে কর্মরত।

বর্তমানে শিশুটি ২৫০ শয্যার নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও হৃদ্‌রোগ বিশেষজ্ঞ দেবব্রত হালদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। শিশুটির চিকিৎসার জন্য তিন লাখ টাকার প্রয়োজন হবে উল্লেখ করে দেবব্রত হালদার মুক্তকণ্ঠকে বলেন, "শিশুটির হার্টে ছিদ্র রয়েছে। জরুরি ভিত্তিতে তার হার্টে অস্ত্রোপচার করতে হবে। এ জন্য তাকে ঢাকায় জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।"

অসহায় এই শিশুটির চিকিৎসার জন্য সাহায্য পাঠানো যাবে বিকাশ ও নগদ নম্বর: 01750454109-এ।