জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) ‘জুলাই নারী সমাবেশ ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এনসিপির ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দলের নারী সংগঠন জাতীয় নারীশক্তি এ সমাবেশের আয়োজন করে।

এনসিপির আহ্বায়ক অভিযোগ করে বলেন, নির্বাচিত সরকার আসার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো ইতিবাচক পরিবর্তন চোখে পড়ছে না। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় আমরা আইনশৃঙ্খলার যে বেহাল দেখেছিলাম, তখন বলা হয়েছিল, নির্বাচিত সরকার এলে আইনশৃঙ্খলার পরিবেশ উন্নত হবে। কিন্তু নির্বাচিত দলীয় সরকার আসার পরও আইনশৃঙ্খলার পরিবেশের কোনো উন্নয়ন দেখা যাচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অনেক কাজে ব্যস্ত। তিনি সংবিধান সংশোধন করতে ব্যস্ত, কিন্তু আইনশৃঙ্খলার পরিবেশের পরিবর্তন বা সংস্কার করতে তাঁর সেই ব্যস্ততা আমরা দেখি না।’

ধর্ষণসহ বিভিন্ন অপরাধের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, নারীদের জন্য সামাজিক–রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত না হলে সরকার জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের অবদান ও সবার প্রত্যাশার পক্ষে সম্মান প্রদর্শন করতে পারবে না বলে তিনি মনে করেন। তিনি সরকারের প্রতি আহ্বান জানান—অবিলম্বে সংস্কারপ্রক্রিয়া বাস্তবায়ন ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য। নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে নয়, সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন করতে হবে।

জুলাই অভ্যুত্থানের পর মামলা–বাণিজ্য কারা করেছে বলে দাবি করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘মামলা–বাণিজ্যের মাধ্যমে বিচারপ্রক্রিয়াকে ভন্ডুল করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বর্তমান সরকার এসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধানকে সরিয়ে দিয়েছে। এটা কী কারণে, তা জানি না। বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হচ্ছে, ধীরগতিতে হচ্ছে, শহীদ পরিবারগুলো বিচার পাচ্ছে না।’

সমাবেশে ‘এই প্রশ্ন যৌক্তিক’ শিরোনামে মত প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারীরা আর নেই—এভাবে ফ্রেমিং করার চেষ্টা হয়। তিনি বলেন, ‘আমাদের বারবার একটা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, জুলাই অভ্যুত্থানে নারীরা সম্মুখসারিতে ছিলেন, আজকে তাঁরা নেই কেন? আমি মনে করি, এই প্রশ্নটা যৌক্তিক। এই প্রশ্ন নিয়ে আমাদের কাজ করতে হবে।’

তিনি জানান, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া নারীরা এখনো জুলাইয়ের পক্ষেই আছেন এবং সংস্কার ও বিচারের পক্ষে রয়েছেন। নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সেই নারীরা এখনো জুলাইয়ের পক্ষে আছেন। তাঁরা এখনো নতুন বাংলাদেশের পক্ষে আছেন, সংস্কার ও বিচারের পক্ষে আছেন। দেশ, জাতীয় ও তরুণদের কোনো সংকট হলে অবশ্যই সেসব নারী, আমাদের মায়েরা-বোনেরা আবারও আমাদের পক্ষে এসে দাঁড়াবেন।’

নাহিদ ইসলাম ২০২৪ সালের ১৪ জুলাইকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করেন। তিনি বলেন, ২০২৪ সালের ১৪ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ছিল, তৎকালীন রাষ্ট্রপতি থাকলেও বর্তমান সময়েও তাঁকে স্মারকলিপি দেওয়া হয়—এটি ধারাবাহিক কর্মসূচির অংশ ছিল। তিনি বলেন, ‘সেই ১৪ জুলাই আমরা দেখতে পেলাম ফ্যাসিস্ট শেখ হাসিনা শিক্ষার্থীদের রাজাকার বলে কটূক্তি করল। এর প্রতিবাদে মেয়েরাই প্রথম হলের তালা ভাঙল। রোকেয়া হলসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হল থেকে মেয়েরা বের হয়ে এল, সারা বাংলাদেশে ছেলেমেয়েরা হলের তালা ভেঙে বের হয়ে এসে প্রতিবাদ জানাল। তারা এই আন্দোলনে প্রথমবারের মতো সরাসরি একটা রাজনৈতিক অবস্থান নিল সরকারের বিরুদ্ধে।’

তিনি আরও বলেন, ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের টার্গেট করা হয়েছিল এবং শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ডাকা সমাবেশে নারী শিক্ষার্থীদের ব্যাপকভাবে আক্রমণ করা হয়, নির্যাতন করা হয় ও আহত করা হয়। নাহিদ ইসলাম বলেন, ঢাকা মেডিকেলে শত শত শিক্ষার্থী সেদিন আহত হয়ে যান এবং বিষয়টি সারা দেশে আলোড়ন তোলে—আন্দোলনের সময়কার নারী নির্যাতনের দৃশ্যও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।

‘নারী হিসেবে আক্রমণ করা হচ্ছে’ উল্লেখ করে তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ১৪ ও ১৫ জুলাইয়ের কারণেই আন্দোলন গণ-অভ্যুত্থানের দিকে ধাবিত হলেও শুরু থেকেই এতে নারীদের অংশগ্রহণ ছিল। তিনি বলেন, ‘এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ, ভূমিকা, আত্মত্যাগ—এটা সব সময় বক্তব্যে বলা হয়। কিন্তু দুঃখের বিষয়, গত দুই বছরে সব রাজনৈতিক দল বা সামগ্রিক রাজনৈতিক কর্মকাণ্ডে সেটা আসলে প্রতিফলিত হয়নি। নারীরা এই আন্দোলনের একটা প্রধান জায়গায় ছিলেন বলেই নারীদের আন্দোলনে, অভ্যুত্থানে ও অভ্যুত্থানের পরবর্তী সময়ে বিভিন্ন সময় স্পেসিফিকভাবে (নির্দিষ্টভাবে) আক্রমণ করা হচ্ছে, নারী হিসেবে আক্রমণ করা হয়েছে।’

এ ধরনের কাজ থেকে সবাইকে বিরত থাকার আহ্বানের পাশাপাশি নারীদের সাইবার বুলিংয়ের বিষয়টিকে আইনে যথাযথ সংবেদনশীলতার সঙ্গে অন্তর্ভুক্ত করার দাবি জানান নাহিদ ইসলাম।

জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া নারীরা রাজনৈতিক নিরাপত্তাহীনতার মধ্যে আছেন বলে মনে করেন তিনি। নারীশক্তির প্রতি আহ্বান রেখে নাহিদ ইসলাম বলেন, দলমত–নির্বিশেষে জুলাইয়ের সব নারীর পক্ষে দাঁড়াতে হবে এবং তাঁদের ঐক্যবদ্ধ করতে হবে; নারীরা যাতে রাজনৈতিক ও সামাজিকভাবে এগিয়ে আসতে পারেন, সে বিষয়ে কাজ করতে হবে।

সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা ঝুমা ও জাতীয় ছাত্রশক্তির জ্যেষ্ঠ সহসভাপতি রাফিয়া রেহনুমা সঞ্চালনা করেন। নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদা আখতার, এনসিপির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ মেহেরুন্নেসার বাবা মোশাররফ হোসেন, শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেমন্তী, শহীদ মোহাম্মদ আদিলের মা আয়েশা আক্তার, শহীদ মো. পারভেজের বোন সেলিনা আক্তার, ‘জুলাই কন্যা’ লামিয়া রায়হান, স্বর্ণা আক্তার রিয়া, কুররাতুল আইন কানিজ, তাহমিনা শারমিন, শাহজাদি ফারহানা কথা প্রমুখ।