পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে আমিনুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আমিনুল পেশায় একজন ব্যাটারিচালিত ভ্যানচালক।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত আমিনুল ইসলাম শিশু দুটির প্রতিবেশী। তার বাড়িতে সমবয়সী নাতনি থাকায় শিশু দুটি সেখানে খেলাধুলা করতে যেত। একজন তাকে 'দাদু' এবং অন্যজন 'ফুপা' বলে সম্বোধন করত। পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে বিস্কুট ও অন্যান্য খাবারের প্রলোভন দেখিয়ে আমিনুল শিশুদের নিজের ঘরে ডেকে নিয়ে যেতেন এবং বিভিন্ন সময়ে তাদের ধর্ষণ করতেন। ঘটনার পর শিশুদের ভয় দেখিয়ে বিষয়টি গোপন রাখতে বাধ্য করতেন তিনি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সর্বশেষ গত শনিবার দুপুরে ছয় বছর বয়সী শিশুটিকে এবং রোববার দুপুরে পাঁচ বছর বয়সী অপর শিশুটিকে একইভাবে ধর্ষণ করেন আমিনুল। এরপর শিশুদের কান্নাকাটি ও অসুস্থতা দেখে পরিবারের সদস্যরা জিজ্ঞাসাবাদ করলে তারা পুরো ঘটনা খুলে বলে এবং জানায় যে তাদের সঙ্গে এমন ঘটনা একাধিকবার ঘটেছে।
গত সোমবার দিবাগত রাতে পরিবারের অভিযোগের ভিত্তিতে বোদা থানার পুলিশ আমিনুল ইসলামকে আটক করে। পরবর্তীতে শিশু দুটির বাবা বাদী হয়ে পৃথক দুটি ধর্ষণ মামলা দায়ের করেন। আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী শিশু দুটি বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মাসুদ হাসান বলেন, "শিশু দুটির শারীরিক পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পরিপূর্ণ তথ্য প্রতিবেদন আকারে আদালতে উপস্থাপন করা হবে। বর্তমানে তারা চিকিৎসাধীন।"
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোয়েল রানা জানান, "অভিযুক্ত আমিনুল ইসলামকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া শিশু দুটির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামীকাল বুধবার আদালতে শিশু দুটির জবানবন্দি নেওয়া হবে।"






