বন্যার কারণে শিক্ষার্থীদের চরম দুর্ভোগের কথা উল্লেখ করে উচ্চমাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। মঙ্গলবার বেলা দুইটার দিকে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে শিক্ষামন্ত্রীর উদ্দেশে তিনি এই মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘শিক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে পানিতে পড়ে গেছে। পরীক্ষা পিছিয়ে দিলে এমন কী হতো? কয়েক দিনের জন্য পরীক্ষা পিছিয়ে দিন।’

বন্যার ভয়াবহতা বর্ণনা করে তিনি আরও বলেন, ‘আমি শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব। এই বন্যায় দুর্গতি হয়েছে। এখন উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। আজ পানি ডিঙিয়ে এখানে আসতে হয়েছে। এটি ভয়ংকর রকমের দুর্ভোগ।’

পরীক্ষার্থীদের নিরাপত্তা ও ঝুঁকির কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘একজন কিশোর ছেলে বন্যার পানির জন্য পরীক্ষা দিতে যেতে পারছে না। সে যদি পানিতে ডুবে মারা যায়, তা হবে অত্যন্ত দুঃখজনক ঘটনা। পরীক্ষা পিছিয়ে দিলে এমন কী হতো। জনগণের প্রত্যাশার সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। অবিলম্বে পরীক্ষা পিছিয়ে দিন। পানি কমুক পরীক্ষা নেওয়া যাবে।’

এর আগে দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন রুহুল কবির রিজভী। ওই সময় তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, ‘আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডে পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হয়েছে। তথাকথিত উন্নয়নের আড়ালে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। কাউকে খুশি করতে পরিবেশবিদদের আপত্তি উপেক্ষা করে সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে। এর ফলে বৃক্ষ নিধনসহ নানা কারণে সুন্দরবন আজ হুমকির মুখে।’

কিশোরগঞ্জে হাওরের ওপর সড়ক নির্মাণের বিষয়ে তিনি বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে যাওয়ার জন্য হাওরের ওপর সড়ক নির্মাণ করা হয়েছিল। এ কারণে ওই এলাকার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে বিভিন্ন প্রজাতির মাছের আবাসস্থল ধ্বংস হয়েছে।’

ত্রাণ বিতরণ ও পরিদর্শন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সরওয়ার হোসেন, জাগির হোসেন, চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন জানান, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় খাল দখল, অবৈধ স্থাপনা নির্মাণ ও ব্যক্তিস্বার্থে কালভার্ট নির্মাণের কারণে জলাবদ্ধতা বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এসব খাল দখলমুক্ত করতে অভিযান চালানো হচ্ছে।