শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবনে প্রবেশের চেষ্টা ঠেকাতে লাঠিচার্জ করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশের এই অ্যাকশনে বেশ কয়েকজন শিক্ষার্থী আঘাত পেয়েছেন, তবে প্রাথমিকভাবে তাঁদের নাম ও পরিচয় জানা যায়নি।

সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধের পর সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেন। জাতীয় সংসদে অধিবেশন চলাকালীন তাঁরা সেখানে অবস্থান করে ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দিতে থাকেন।

শুরুতে পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে এক পর্যায়ে সন্ধ্যা পৌনে সাতটার দিকে শিক্ষার্থীরা সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশের লাঠিচার্জের মুখে শিক্ষার্থীরা যখন ছত্রভঙ্গ হয়ে যাচ্ছিলেন, তখন কয়েকজন শিক্ষার্থী পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপের চেষ্টা করেন। পরবর্তীতে পুলিশ পুনরায় লাঠিচার্জ করে আন্দোলনকারীদের সংসদ ভবনের প্রধান ফটক থেকে আসাদগেট পর্যন্ত সরিয়ে নিয়ে যায়।