নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় আটক হওয়া এক রোহিঙ্গা নারী ও তাঁর শিশুসন্তানকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে ফেরত পাঠানো হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদের নেতৃত্বে দুই নারী কনস্টেবলের পাহারায় তাঁদের আশ্রয়শিবিরে পাঠানো হয়।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল ভোরে দুর্গাপুর উপজেলার বিজয়পুর ইউনিয়নের ভাংতি বাজার এলাকা থেকে ২৫ বছর বয়সী ওই রোহিঙ্গা নারী ও তাঁর এক বছর বয়সী মেয়েকে স্থানীয় লোকজন আটক করেন। বিষয়টি অবগত হয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিজয়পুর ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করেন এবং পরবর্তীতে দুর্গাপুর থানায় হস্তান্তর করেন।

বিজয়পুর ক্যাম্পের হাবিলদার জাহাঙ্গীর আলম জানান, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে ওই নারী তাঁর শিশুসন্তান নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।" তিনি আরও জানান, ওই নারী কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা এবং কয়েক মাস আগে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ পরিচয় যাচাই-বাছাই করার পর মা-মেয়েকে পুনরায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।