রাজবাড়ী শহরের কাপড় বাজার এলাকায় এক নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে লাথি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জেলাজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, পুলিশের উপস্থিতিতে ওই নারীকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় এক যুবক পেছন থেকে লাথি মারে। এরপর আরও কয়েকজন যুবক তাকে এলোপাতাড়ি মারধর করে।
ভুক্তভোগী জাকিয়া সুলতানা 'আস্থা পোশাক শিল্প' নামের একটি প্রতিষ্ঠানের মালিক। তিনি দাবি করেন, প্রতিষ্ঠানের সাবেক এক কর্মচারী বৃষ্টি হিসাব না দিয়ে অন্য একটি দোকানে চলে যান। এ নিয়ে রাজবাড়ী বাজার কল্যাণ সমিতিতে লিখিত অভিযোগ করার পর থেকেই তাকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করার হুমকি দেওয়া হচ্ছিল। তিনি বলেন, "শনিবার যখন পুলিশ আমাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল, তখন পেছন থেকে অজ্ঞাত কিছু যুবক আমার ওপর হামলা চালায়। ভিডিওতে যাদের লাথি মারতে দেখা গেছে, তাদের কাউকেই আমি চিনি না। আগে কখনো দেখিনি।" তিনি জানান, তার প্রতিষ্ঠানের মাধ্যমে জেলার ২৬টি সাব-সেন্টারে প্রায় চার হাজার নারী কর্মী কর্মরত।
তবে রাজবাড়ী বাজার কল্যাণ সমিতির আহ্বায়ক কাজী বেনজীর আহমেদ জাকিয়ার অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেন, ওই নারী ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন। তিনি বলেন, "শনিবার তিনি (জাকিয়া) কয়েকশ মানুষ নিয়ে ব্যবসায়ীদের ওপর চড়াও হন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।"
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, ব্যবসাসংক্রান্ত দ্বন্দ্বের জেরে বাজারের ব্যবসায়ীরা জাকিয়া সুলতানাকে ঘিরে ধরেছিলেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে দুপক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছে।