কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের একটি নির্জন স্থানে ১৫ বছর বয়সী এক কিশোরীকে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রেমিকসহ পাঁচজন জড়িত বলে জানা গেছে। পুলিশ এ পর্যন্ত একজনকে আটক করেছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে প্রেমিক সিয়ামের ফোন পেয়ে চান্দিনা উপজেলার নিজ বাড়ি থেকে কিশোরীটি কুমিল্লা নগরীর ধর্মসাগর এলাকায় আসে। পরে সিয়াম তাকে কোটবাড়ি এলাকায় ঘুরতে যাওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নেয়। সেখান থেকে তাকে লালমাই পাহাড়ের সাধারমুড়া এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। ওই সময় সেখানে সিয়ামের কয়েকজন বন্ধু উপস্থিত ছিল। সন্ধ্যা ঘনিয়ে এলে কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে সিয়ামসহ তার বন্ধুরা রাতভর ধর্ষণ করে।
পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ অভিযান শুরু করে। রোববার (৩০ আগস্ট) বিকেলে সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড় এলাকা থেকে সাকিব (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার সাকিব আদর্শ সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের উজিরপুর এলাকার শহীদ মিয়ার ছেলে।
ঘটনার প্রধান অভিযুক্ত সিয়াম রায়চোঁ গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।