যশোর শহরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজিত বিক্ষোভ মিছিল ও রাষ্ট্রবিরোধী চক্রান্তের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) কোতোয়ালি থানায় এই মামলাটি করেন পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম।
মামলার তালিকায় পাঁচ সাবেক সংসদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ ও নেতাকর্মীদের নাম রয়েছে। উল্লেখযোগ্য আসামিরা হলেন—সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার, কাজী নাবিল আহমেদ, রঞ্জিত রায়, মনিরুল ইসলাম ও ইয়াকুব আলী। এ ছাড়া যুবলীগ নেতা অশোক বোস, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফন্টু চাকলাদার, সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, আওয়ামী লীগ নেতা শেখ আতিকুর বাবু ওরফে জার্মান বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, আরবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলাম, সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা এবং অ্যাডভোকেট বাবুলসহ অন্যান্যরা মামলার আসামি।
মামলার এজাহারে উল্লেখ অনুযায়ী, গত ২৮ আগস্ট সকালে যশোর শহরের কাজীপাড়া-কাঠালতলা এলাকার পালোয়ান বাড়ি যাওয়ার সড়কে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী ও নাশকতামূলক বিক্ষোভ মিছিল বের করেন। পুলিশের দাবি, বিদ্যুৎ সরবরাহ নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ তৈরি এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে এই মিছিল আয়োজন করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা ‘জাতীয় শোক দিবস’ লেখা একটি ব্যানার ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ব্যানারটি উদ্ধার করে।
মামলার এজাহারভুক্ত আসামি যশোর পৌর সভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিবুল ইসলাম রাজীবকে পুলিশ আটক করে। রোববার সন্ধ্যায় তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।