নাটোর পৌরসভার মল্লিকহাটি মহল্লায় নির্মাণাধীন নিজ বাড়ির সেপটিক ট্যাংকে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) বিকেলে এই দুর্ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ইয়াছিন আলীর বাবা ফজের আলী মারা যান।

নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা ও নিহতের পরিবারের সদস্যরা জানান, দুপুরের দিকে ফজের আলী তার নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের কাঠের সাটারিং খোলার কাজ করছিলেন। কাজের সময় অসাবধানতাবশত তিনি ট্যাংকের ভেতরে পড়ে যান। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাঁকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং শেষ পর্যন্ত ট্যাংকের মধ্যে তাঁকে পড়ে থাকতে দেখেন। চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকের গ্যাস থেকেই তার মৃত্যু হয়েছে। তবে বিষয়টি বিস্তারিত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

নিহত ফজের আলীর ছেলে ইয়াছিন আলী জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্ট নাটোর সদর আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের কান্দিভিটার বাড়িতে আগুনে পুড়ে শহীদ হন। শফিকুল ইসলাম শিমুল পালিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়ে আগুন দেয়। ওই অগ্নিকাণ্ডে শিমুলসহ মোট চারজন শহীদ হন.