দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৫১৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্যটি উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ৯৬৭ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন এবং হামের উপসর্গে ৮৬৫ জন।

জাতীয় পরিসংখ্যান অনুযায়ী, হামের উপসর্গজনিত কারণে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩৮৮ জন মারা গেছেন। এছাড়া সিলেট বিভাগে ১৪৯ জন, রাজশাহীতে ৯২ জন, ময়মনসিংহে ৭৪ জন, চট্টগ্রামে ৬৪ জন, বরিশালে ৫৩ জন, খুলনায় ৩৪ জন এবং রংপুর বিভাগে ১৪ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের ৩৬৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ লক্ষ্য করা গেছে ১ হাজার ১৫১ জনের শরীরে। ১৫ মার্চ থেকে বর্তমান সময় পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ২১৮ জনে। সন্দেহজনক রোগীর সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৮২৯ জন।

হাসপাতালে ভর্তি মোট ১ লাখ ৩৭ হাজার ৩৪৭ রোগীর মধ্যে ১ লাখ ৩২ হাজার ২৯২ জন ইতোমধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।