চাঁদপুরের কচুয়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে (৪৫) সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) চাঁদপুর শহরের নিজ চেম্বারের সামনে থেকে তাকে আটক করা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত হেলাল উদ্দিন কচুয়া উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
কচুয়া থানার উপপরিদর্শক মো. আবু তাহের মোল্লার বাদী হয়ে দায়েরকৃত মামলায় তিনি এক নম্বর আসামি। মামলার এজাহার অনুযায়ী, গত ১৫ আগস্ট রাতে কচুয়া থানাধীন ৪নং পালাখাল ইউনিয়নের এনায়েতপুর গ্রামের জামাল পাটোয়ারীর বাড়িতে কিছু ব্যক্তি একত্রিত হন। এজাহারে অভিযোগ উঠে, তারা বাংলাদেশের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করে সন্ত্রাসী কার্যক্রম চালানোর এবং রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্নিত করার ষড়যন্ত্র করেন।
এজাহারে আরও বলা হয়েছে, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের সদস্যপদ গ্রহণ ও এর আদর্শ সমর্থন করেছেন আসামিরা। জনমনে আতঙ্ক সৃষ্টি ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা নিয়ে ঘটনাস্থলে মিলিত হয়ে তারা মিছিলে অংশগ্রহণ ও পৃষ্ঠপোষকতা করেছেন বলে অভিযোগ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আজিজুল ইসলাম বলেন, "অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে কচুয়া থানার সন্ত্রাস বিরোধী একটি মামলার প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।"