শরীয়তপুরের আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নাজরীন সুলতানা শেলী (৫০) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. জাহিদ হাসানের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (২২ আগস্ট) সাধারণ জ্বরের কারণে শরীয়তপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ডেঙ্গু শনাক্ত হয়। পরবর্তীতে ২৩ আগস্ট উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার উত্তরা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। দুই দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (২৭ আগস্ট) তাকে ঢাকার আজগর আলী হাসপাতালে নেওয়া হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়। এরপর রোববার দুপুর ১২টায় তিনি আর বেঁচে থাকতে পারেননি।
নিহতের ছেলে সাজিদ রাব্বি বলেন, "আমার মা অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার উত্তরা মেডিকেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করি। দুই দিন চিকিৎসা শেষে বৃহস্পতিবার তাকে আজগর আলী হাসপাতালে নেই, তখনো আমার মা সুস্থ ছিলেন, আমার কাছে খেতেও চেয়েছেন। এর পরপরই হঠাৎ স্ট্রোক করেন। তারপর ডাক্তাররা তাকে লাইফ সাপোর্টে নেন। পরে আজকে দুপুরে মা মারা গেলেন। অনেক চেষ্টা করেছি আমরা, কিন্তু মাকে বাঁচাতে পারলাম না।"
আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ সাহা বলেন, "ম্যাডাম অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। পাশাপাসালি তিনি একজন ভালো শিক্ষকও ছিলেন। ছাত্র-ছাত্রীদের কাছে তার গ্রহণযোগ্যতাও ছিল অনেক। তার মৃত্যুতে আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের সব শিক্ষক ও শিক্ষার্থী গভীরভাবে মর্মাহত। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।"
এদিকে, গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত হন তাঁর ছোট ছেলে আলবাব রেজা রোহান। ছেলের শোক কাটিয়ে ওঠার আগেই এবার মাকেও হারাল এই পরিবার।