দেশের ৫৯টি উপজেলা চলমান বন্যার কবলে পড়েছে এবং এতে এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এই তথ্য প্রদান করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, বর্তমান বন্যায় ৫৯টি উপজেলার ৩৬৮টি ইউনিয়ন ও ১২টি পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মোট ৫৪ জন প্রাণ হারিয়েছেন।
চলতি বর্ষায় টানা বৃষ্টিপাতের ফলে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, বন্যার কবলে পড়া জেলাগুলোর মধ্যে রয়েছে হবিগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি ও মৌলভীবাজার। বর্তমানে পানি নেমে যাওয়ার সাথে সাথে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র সামনে আসছে।
সংবাদ সম্মেলনে ত্রাণ কার্যক্রম পরিচালনাসহ মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, "ইতিমধ্যে ত্রাণ পরিচালনার জন্য ১ কোটি ৭৫ লাখ টাকা তাৎক্ষণিক বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া চাল ও শুকনো খাবার দেওয়া হয়েছে।"
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বন্যা মোকাবিলা ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় তাঁদের নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এর আগে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আন্তমন্ত্রণালয় সভাটি অনুষ্ঠিত হয়।






