কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে একটি মাছ ধরার ট্রলার ডুবে চার জেলের মৃত্যু হয়েছে। সোমবার রাত নয়টার দিকে চার জেলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সাত জেলেকে জীবিত উদ্ধার করা হলেও একজন এখনও নিখোঁজ রয়েছে।

নিহত জেলেরা হলেন দক্ষিণ অমজাখালী গ্রামের শামসুল আলমের ছেলে নাছির উদ্দীন (১৮), আবুল কাশেমের ছেলে মো. করিম (২০), আবদুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২৩) এবং আলী আকবর ডেইল ইউনিয়নের হায়দারপাড়ার কামাল উদ্দিন (৪৫)। নিখোঁজ জেলে পেকুয়া উপজেলার নাছির উদ্দিন (১৮) নামের একজন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার বিকেলে দক্ষিণ অমজাখালী গ্রামের নুরুল আবছারের মালিকানাধীন ট্রলারটি নিয়ে ১২ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। সোমবার ভোরে বৈরী আবহাওয়ার কারণে ট্রলারটি ডুবে যায়। অন্যান্য ট্রলারের জেলেরা সাগরে ভাসমান অবস্থায় পাঁচজনকে উদ্ধার করেন। পরে ডুবে যাওয়া ট্রলারের সন্ধানে কয়েকটি ট্রলার নামানো হয়। সন্ধ্যায় ট্রলারটি পাওয়া যায় এবং রাত নয়টার দিকে তল্লাশি চালিয়ে ভেতরের একটি কক্ষ থেকে চার জেলের লাশ উদ্ধার করা হয়।

কুতুবদিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "রাতে ট্রলারের ভেতরে মাছ রাখার একটি কক্ষ থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে এসব লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নিখোঁজ থাকা এক জেলের সন্ধান করা হচ্ছে।"

ট্রলারের মালিক নুরুল আবছার জানান, "গভীর সাগরে মাছ ধরার সময় সম্ভবত ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল। এরপর বড় ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি উল্টে ডুবে গেছে।" নিখোঁজ জেলের সন্ধানে রাত থেকে তল্লাশি চলছে এবং মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি।