ভারী বর্ষণে জলাবদ্ধতার মধ্যে হাঁটু থেকে কোমরপানি মাড়িয়ে পরীক্ষা দিতে হয়েছে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের এইচএসসি পরীক্ষার্থীদের। পরীক্ষার্থীদের দুর্ভোগ ও স্বাস্থ্যগত ঝুঁকির বিষয় বিবেচনা করে কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
সোমবার সন্ধ্যায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শফিকুল ইসলাম মুক্তকণ্ঠকে কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরবর্তী পরীক্ষা ১৫ জুলাই (আগামী বুধবার)। কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা পরবর্তী পরীক্ষাগুলো নগরের ছাতিপট্টি এলাকায় অবস্থিত অজিত গুহ মহাবিদ্যালয় কেন্দ্রে স্থানান্তরিত হয়ে পরীক্ষা দেবেন। যেকোনো সময় ভারী বর্ষণ হলে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে—এমন বিবেচনা থেকে এই সিদ্ধান্ত।
অজিত গুহ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার কেন্দ্র আছে। নতুন করে সেখানে মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা যুক্ত হলে কোনো সমস্যা হবে কি না—এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘অজিত গুহ মহাবিদ্যালয় কেন্দ্রের ধারণক্ষমতা রয়েছে। সেখানে পরীক্ষা নিতে কোনো সমস্যা হবে না বলে আশা করছি।’
এর আগে সোমবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় কুমিল্লা নগরে ১০৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে আবহাওয়া অফিস। এই অতি ভারী বৃষ্টিতে পুরো কুমিল্লা নগর অচল হয়ে পড়ে। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি তলিয়ে যায় হাঁটু থেকে কোমরপানিতে। কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্র এলাকায় পরিস্থিতি ছিল সবচেয়ে নাজুক। ওই কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২০৯ জন। জলাবদ্ধতায় তলিয়ে ছিল মহিলা কলেজের পুরো আঙিনা। এতে কেন্দ্রে ঢুকতে গিয়ে পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে সিটি করপোরেশনের উদ্যোগে কয়েকটি প্লাস্টিকের নৌকা ও ভ্যানের ব্যবস্থা করা হয়। সেগুলোয় করে অনেক পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।






