বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল ভক্তের কাছে আজ তাঁরা অনন্য উচ্চতায় আসীন। ব্যক্তিগত জেট, কোটি কোটি ডলারের সম্পদ আর রাজকীয় প্রাসাদের গল্প এখন তাঁদের নিত্যসঙ্গী। তবে এই সাফল্যের চূড়ায় পৌঁছানোর আগে সাত ফুটবল তারকার শুরুটা ছিল অত্যন্ত সাধারণ। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, লুকা মদরিচ, সাদিও মানে, করিম বেনজেমা ও কার্লোস তেভেজের শৈশবের ঠিকানা এবং বর্তমানের বিলাসবহুল আবাসনের এক তুলনামূলক চিত্র এখানে তুলে ধরা হলো।

লিওনেল মেসি: আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের রোসারিও শহরের লা বাজাদা এলাকার একটি সাধারণ বাড়িতে ১৯৮৭ সালে জন্মের পর প্রায় ১৩ বছর বয়স পর্যন্ত বড় হয়েছেন তিনি। বর্তমানে মেসির প্রধান বাসস্থান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে। এছাড়া স্পেনের বার্সেলোনার কাস্তেলদেফেলসেও তাঁর একটি বিলাসবহুল বাড়ি রয়েছে।

নেইমার: ব্রাজিলের সাও পাওলো অঙ্গরাজ্যের মোগি দাস ক্রুজেস শহরের একটি সাধারণ পরিবারে বেড়ে উঠেছেন নেইমার। শৈশবে পরিবারের সঙ্গে ছোট একটি বাড়িতেই তাঁর বসবাস ছিল। বর্তমানে ব্রাজিলের মাঙ্গারাতিবা, সাও পাওলো এবং সৌদি আরবে তাঁর বিলাসবহুল বাড়ি রয়েছে। ব্যক্তিগত জেট, হেলিপ্যাড ও বিশাল সুইমিংপুলসহ তাঁর এই আবাসগুলো এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

ক্রিস্টিয়ানো রোনালদো: পর্তুগালের মাদেইরা দ্বীপের রাজধানী ফুনশালের সান্তো আন্তোনিও এলাকার একটি সাধারণ ভবনের ছোট্ট ফ্ল্যাটে ১৯৮৫ সাল থেকে কৈশোর পর্যন্ত বড় হয়েছেন রোনালদো। বর্তমানে সৌদি আরবের রিয়াদ, পর্তুগালের কাসকাইশ ও মাদেইরা এবং স্পেনে তাঁর বাড়ি রয়েছে। কাসকাইশের নতুন ম্যানশনটিকে ইউরোপের অন্যতম ব্যয়বহুল ব্যক্তিগত বাড়ি হিসেবে গণ্য করা হয়।

লুকা মদরিচ: ক্রোয়েশিয়ার জাদার অঞ্চলের মোদ্রিচ নামক ছোট্ট গ্রামে জন্ম মদরিচের। যুদ্ধের সময় তাঁর পরিবার উদ্বাস্তু হয়ে জাদারের একটি হোটেলে দীর্ঘ সময় বসবাস করেছিল। বর্তমানে তাঁর প্রধান বাসস্থান স্পেনের মাদ্রিদে এবং ক্রোয়েশিয়ায়ও তাঁর বাড়ি রয়েছে।

সাদিও মানে: সেনেগালের সেদিও অঞ্চলের বামবালি নামক ছোট্ট গ্রামে বিদ্যুৎ ও আধুনিক সুযোগ-সুবিধাবিহীন সাধারণ পরিবেশে শৈশব কাটিয়েছেন মানে। বর্তমানে সৌদি আরবে খেলার সুবাদে সেখানে তাঁর বাসস্থান রয়েছে। পাশাপাশি নিজ গ্রাম বামবালিতে হাসপাতাল, স্কুল ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করেছেন তিনি।

করিম বেনজেমা: ফ্রান্সের লিঁও শহরের ব্রঁ এলাকার সরকারি আবাসন প্রকল্পে (হাউজিং এস্টেট) আলজেরীয় বংশোদ্ভূত এক শ্রমজীবী পরিবারে জন্ম ও বেড়ে ওঠা বেনজেমার। বর্তমানে তিনি সৌদি আরবের জেদ্দায় থাকেন। এছাড়া ফ্রান্স ও স্পেনেও তাঁর বিলাসবহুল বাড়ি রয়েছে।

কার্লোস তেভেজ: আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের কুখ্যাত দরিদ্র এলাকা ফুয়ের্তে আপাচেতে (বর্তমান নাম বারিও এহেরসিতো দে লস আন্দেস) দারিদ্র্য ও অপরাধপ্রবণ পরিবেশের মধ্য দিয়ে শৈশব কাটিয়েছেন তেভেজ। খেলোয়াড়ি জীবনে সাফল্যের পর বুয়েনস এইরেসের অভিজাত এলাকায় নিজের স্বপ্নের বাড়ি তৈরি করেছেন তিনি, যা বর্তমানে তাঁর স্থায়ী আবাস।