মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শান্তিবাগ এলাকায় কড়ইগাছের উঁচু ডালে সুতায় আটকে থাকা একটি চিল টানা তিন দিন ঝুলে ছিল। স্থানীয় বাসিন্দা এবং স্বেচ্ছাসেবীদের চেষ্টায় শেষ পর্যন্ত আজ রোববার বেলা ১১টার দিকে পাখিটিকে মুক্ত করা হয়।
স্থানীয় বাসিন্দা রাহাত আহমেদ জানান, কড়ইগাছের অনেক উঁচু ডালে চিলটি সুতার সঙ্গে আটকে ছিল। তিনি বলেন, পাখিটিকে উদ্ধারের জন্য প্রথমে ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে স্থানীয় কয়েকজন বিষয়টি বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে প্রতিষ্ঠানটির পরিচালক সজল দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব ঘটনাস্থলে কর্মীদের নিয়ে পৌঁছান।
এরপর তাঁরা গাছে উঠে চিলটিকে মুক্ত করেন। বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ‘আমরা আজ খবর পেয়ে গিয়ে দেখি, চিলটি গাছের অনেক উঁচু ডালে সুতার সঙ্গে আটকে ঝুলে রয়েছে। পরে আমাদের কর্মী রিদন গৌড় গাছে উঠে ডালটি কেটে সুতার ফাঁদ থেকে চিলটিকে মুক্ত করেন।’
সুতার বাঁধন কেটে দেওয়ার পর চিলটি কিছুক্ষণ ডানা ঝাপটে আকাশে উড়ে যায় বলেও জানান সজল দেব।






