রেলপথে পানি জমে থাকার কারণে চট্টগ্রাম নগরের জানালিহাট স্টেশনে দীর্ঘ পাঁচ দিন আটকে ছিল কক্সবাজার থেকে আসা প্রবাল এক্সপ্রেস। অবশেষে আজ রোববার দুপুরে ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
জানালিহাট স্টেশনের স্টেশনমাস্টার নেজাম উদ্দিন মুক্তকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে জানান, "গত মঙ্গলবার ষোলশহর ও জানালিহাট স্টেশনের মধ্যবর্তী একাধিক স্থানে পানি উঠে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেনটি জানালিহাটে আটকে পড়েছিল। সেটি আজ দুপুর সাড়ে ১২টার দিকে জানালিহাট স্টেশন থেকে চট্টগ্রাম স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।"
মৌসুমি বায়ুর প্রভাবে গত ৪ জুলাই থেকে চট্টগ্রামে ভারী বর্ষণ শুরু হয়। টানা বৃষ্টির ফলে মঙ্গলবার নগরের সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসেরপাড়া পর্যন্ত রেলপথ দেড় থেকে দুই ফুট পর্যন্ত পানিতে তলিয়ে যায়। সুন্নিয়া মাদ্রাসা এলাকা থেকে পানি নেমে গেলেও গতকাল সন্ধ্যা পর্যন্ত শমসেরপাড়ায় পানি জমে ছিল।
রেল কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, রেলপথে পানি ওঠার কারণে মঙ্গলবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। এই রেলপথ দিয়ে প্রতিদিন চার জোড়া ট্রেন চলাচল করে, যার মধ্যে চট্টগ্রাম থেকে দুই জোড়া এবং ঢাকা থেকে দুই জোড়া। এই রুটে প্রতিদিন গড়ে আট থেকে নয় হাজার যাত্রী যাতায়াত করেন।






