কিশোরগঞ্জের নিকলী হাওরে বেড়াতে আসা এক পর্যটক গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে তিনি নিখোঁজ হন। আজ শনিবার দুপুর পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে।
নিখোঁজ ব্যক্তির নাম শফিকুল ইসলাম (২৮)। তিনি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্ধুদের সঙ্গে নিকলী হাওরে ভ্রমণে গিয়েছিলেন শফিকুল। সেখানে গোসলের উদ্দেশ্যে নৌকা থেকে পানিতে লাফ দেওয়ার পর হাওরের প্রবল স্রোতে তিনি তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। ঘটনার খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।
নিকলীর সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদ উল্লাহ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।






