গাইবান্ধায় পুলিশ সুপারের (এসপি) বাংলোর ব্যারাক থেকে হাবিবুর রহমান নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে ব্যারাকের বাথরুম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

হাবিবুর রহমান (৩৩) পুলিশের নায়েক পদে ছিলেন। তিনি গাইবান্ধা শহরের স্টেশন রোডের কাচারিবাজার এলাকায় অবস্থিত এসপির বাংলোয় গার্ডের (নিরাপত্তার দায়িত্ব) দায়িত্বে ছিলেন। তাঁর বাড়ি নীলফামারী শহরের বাবুপাড়া এলাকায়; বাবার নাম মিন্টু মিয়া।

.

এ বিষয়ে জানতে গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) জসিম উদ্দীনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

আজ রাত পৌনে নয়টায় এসপির বাংলোর ব্যারাক থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব। তিনি মুঠোফোনে মুক্তকণ্ঠকে বলেন, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে তিনি (হাবিবুর) আত্মহত্যা করতে পারেন। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল  রিপোর্ট তৈরি করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

.
ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে তিনি (হাবিবুর) আত্মহত্যা করতে পারেন। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল  রিপোর্ট তৈরি করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
শরীফ আল রাজীব, গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)
.

পুলিশের একটি সূত্র জানায়, হাবিবুর রহমান বেশ কিছুদিন ধরে এসপির বাংলোয় নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তাঁর সঙ্গে আরও কয়েকজন দায়িত্ব পালন করেন। তাঁরা বাংলোর ভেতরে ব্যারাকে থাকতেন। আজ বিকেলে পুলিশ সদস্যরা বাংলোর ভেতরে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। পৌনে পাঁচটার দিকে সহকর্মীরা ব্যারাকের বাথরুমে হাবিবুর রহমানের ঝুলন্ত মরদেহ দেখতে পান। তাঁরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। পরে সেখান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।