নেপালে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক পাহাড়ি ঢলে ব্যাপক প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই শোক জানানো হয়।

মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রাপ্ত বিভিন্ন প্রতিবেদনে শত শত মানুষের নিখোঁজ হওয়ার কথা জানা গেছে। আশঙ্কা করা হচ্ছে, নিখোঁজদের অনেকেই মারা গেছেন, যাদের মধ্যে পর্যটকরাও রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ ও সরকার এই কঠিন সময়ে নেপাল সরকার এবং দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে।"

দুর্যোগে নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বাংলাদেশ দ্রুত নিখোঁজদের উদ্ধার এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেছে।

উল্লেখ্য, নেপাল-তিব্বত সীমান্তবর্তী রাসুয়ায় ভোতে কোশি নদীতে আকস্মিক পাহাড়ি ঢলে নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এখনো পাঁচ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিকসহ অন্তত ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক রয়েছেন।