রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে এক নারীর স্বর্ণের কানের দুল ছিনতাই করার পর তা গিলে ফেলেন এক যুবক। তবে পুলিশের তৎপরতায় বমি করিয়ে সেই দুল উদ্ধার করা সম্ভব হয়েছে।
ঘটনাটি ঘটে আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে। নিপা আক্তার নামের এক নারী চিকিৎসক দেখাতে রিকশায় যাচ্ছিলেন। সেই সময় এক ছিনতাইকারী তাঁর কানের স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। নিপা আক্তারের চিৎকার শুনে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্য ধাওয়া করে যুবকটিকে ধরে ফেলেন।
আটক ব্যক্তির নাম মো. সেলিম (২৮), তিনি রাজধানীর রায়েরবাগ এলাকার বাসিন্দা। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী মোড়ে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা নিপা আক্তারের চিৎকার শুনে এক ব্যক্তিকে দৌড়ে পালাতে দেখেন। এরপর সার্জেন্ট ইমরান মৃধা তাকে ধাওয়া করে আটক করেন।
প্রাথমিক তল্লাশিতে সেলিমের কাছে ছিনতাই করা দুলটি পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ শুরু করলে তিনি স্বীকার করেন যে, ধরা পড়ার আগেই তিনি দুলটি গিলে ফেলেছেন। এরপর পুলিশ তাকে বমি করায় পেট থেকে স্বর্ণের কানের দুলটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক সেলিম এবং ভুক্তভোগী নারীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় পাঠানো হয়েছে।