ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বড়ইতলা এলাকায় একটি সাততলা আবাসিক ভবনের গ্যাসলাইন মেরামতের কাজ চলাকালীন অগ্নিকাণ্ডে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে।
দগ্ধ শ্রমিকদের নাম রাকিব হোসেন (৩৪), মো. সুমন (২২) ও মো. রাজন (২৩)। দুর্ঘটনার পরপরই তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছে এবং বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে ছেড়ে দেওয়া হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন রাকিবের ভাই সজীব মিয়া জানান, তাঁরা তখন গ্যাসের লাইন পরিষ্কারের কাজ করছিলেন। সেই সময় ভবনের ওপর থেকে কে বা কারা সিগারেটের আগুন ফেলে, যার ফলে গ্যাসের লাইনে আগুন ধরে যায়। তিনি আরও জানান, "সঙ্গে সঙ্গে সুমন ও রাজ গ্যাসের লাইন বন্ধ করে দেন। ততক্ষণে রাকিব দগ্ধ হন।"
সজীব মিয়া আরও উল্লেখ করেন, আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে সুমন ও রাজনের শরীর পুড়ে যায়। এরপর গভীর রাতেই তাঁদের হাসপাতালে নেওয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, "রাকিবের শরীরের ১৭ শতাংশ পুড়ে গেছে। বাকি দুজন সামান্য দগ্ধ হয়েছেন।"






