কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামবাসীদের মধ্যে বাজারের নামকরণ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

কিশোরগঞ্জ-ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ওই বাসস্ট্যান্ড ও বাজারটি কোন গ্রামের নামে নামকরণ হবে, তা নিয়ে কয়েক দশক ধরে পক্ষদ্বয়ের মধ্যে বিরোধ চলছে। আকবরনগরের বাসিন্দারা বাজারটি আকবরনগর নামে এবং মিরারচরের বাসিন্দারা মিরারচর বাসস্ট্যান্ড নামে নামকরণের দাবি জানান। এই দ্বন্দ্বের কারণে এখন পর্যন্ত অন্তত পাঁচবার রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের সালিশ বৈঠকগুলোও স্থায়ী সমাধানে পরিণত হয়নি। এর আগে গত ২৭ জুলাই একই বিষয় নিয়ে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে দুই ব্যক্তি নিহত হয়েছিলেন।

রোববার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে মিরারচর গ্রামের কয়েকজন যুবক বাজারে গেলে আকবরনগরের যুবকদের সঙ্গে তাদের তর্ক ও মারামারি শুরু হয়। পরিস্থিতি উত্তেজিত হওয়ায় দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত উভয় পক্ষের লোকজন ইটপাটকেল, লাঠিসোঁটা, দা, বল্লম, টেঁটা ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কিছু দোকানপাট ও ঘরবাড়ি ভাঙচুর করা হয়। আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাসের শেল নিক্ষেপ করে। ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ বলেন, বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের লোকজন আবারও আক্রমণাত্মক হয়ে উঠেছিল। পুলিশ ও রাজনৈতিক নেতাদের সহযোগিতায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আনা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।