লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারীতে অবস্থিত তিস্তা ব্যারাজ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। রোববার দুপুরে স্ত্রী ডিয়ান ডাওয়ের সহযোগিতায় তিনি এই প্রকল্পটি ঘুরে দেখেন। এ সময় স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে ব্যারাজের গেট পরিচালনা, নদীর পানি নিয়ন্ত্রণ এবং বন্যা মোকাবিলায় নেওয়া ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান তিনি।

যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজসহ একাধিক সূত্রে জানা যায়, রোববার সকাল সোয়া ৯টার দিকে ঢাকা বিমানবন্দর থেকে বিমানে করে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। সেখান থেকে সকাল ১০টার দিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়িতে দুগ্ধ খামার ‘প্যারাগন ডেইরি’ পরিদর্শন করেন। ঘুরে দেখেন স্থানীয়ভাবে শর্ষের তেল উৎপাদনের ঐতিহ্যবাহী ঘানি। পরে তিনি তিস্তা ব্যারাজ এলাকায় যান।

বেলা সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত তিনি হাতীবান্ধার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানি এলাকায় অবস্থিত ব্যারাজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। পাউবোর স্থানীয় প্রকৌশলীরা তাঁকে এই সেচ প্রকল্পের কারিগরি দিক, সেচ কার্যক্রম এবং গেট ওঠানামার মাধ্যমে পানি নিয়ন্ত্রণের পদ্ধতি সম্পর্কে জানান।

তিস্তা ব্যারাজের নিয়ন্ত্রণকক্ষে তিস্তা নদীর প্রবাহের চিত্র, পানির স্তর পরিমাপ এবং তিস্তার পানি সেচব্যবস্থায় সরবরাহের বিভিন্ন চিত্র দেখেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। এরপর তিনি ব্যারাজের মূল সেতু পরিদর্শন করেন। তিস্তা ব্যারাজের রেস্টহাউসে দুপুরের খাবার খাওয়ার পর সড়কপথে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইএসডিও গেস্টহাউসের উদ্দেশে রওনা হন।

ক্রিস্টেনসেনের সঙ্গে তাঁর স্ত্রী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাসের কর্মকর্তা মিস নিকোল ক্লারিসা বেসনার্ড, সৈয়দ ফাইজুস সালেহিন ও রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন পাউবোর মহাপরিচালক রুহুল আমিন, পাউবোর রংপুর উত্তরাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সরফরাজ বান্দা, রংপুর পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব ও মিজানুর রহমান, নীলফামারীর ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী অমিতাভ চন্দ্র, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র এবং নীলফামারীর ডিমলার ইউএনও ইমরানুজ্জামান।

তিস্তা ব্যারাজের রেস্টহাউসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মার্কিন রাষ্ট্রদূত তিস্তা ব্যারাজ পরিচালনা, পানি নিয়ন্ত্রণ ও বন্যা নিয়ন্ত্রণব্যবস্থা সম্পর্কে জানতে চান.