প্রাকৃতিক দুর্যোগ ও ভারী বর্ষণের আশঙ্কায় বান্দরবান জেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞার সময়সীমা আরও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ জুলাই পর্যন্ত জেলার সবকটি পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের ভ্রমণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
গতকাল শুক্রবার বিকেলে এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস। এর আগে শুক্রবার পর্যন্ত পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা বলবৎ ছিল, যা এখন বর্ধিত করা হলো।
জরুরি গণবিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস উল্লেখ করেন, "সাম্প্রতিক সময়ে বান্দরবানে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতি ও সম্ভাব্য দুর্যোগের আশঙ্কা বিবেচনায় ৯ জুলাই জারি করা জরুরি গণবিজ্ঞপ্তির সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।"
প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, এই সময়ের মধ্যে জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটকসহ সর্বসাধারণের যাতায়াত ও ভ্রমণ সম্পূর্ণ বন্ধ থাকবে।






