চলমান বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। আগামী ১৪ জুলাই ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। বেলজিয়ামের গোলকিপার থিবো কোর্তোয়ার মতে, এই ম্যাচের জয়ী দলই শেষ পর্যন্ত শিরোপা উঁচিয়ে ধরবে। তবে কোর্তোয়ার এমন মন্তব্যকে গুরুত্ব দিচ্ছেন না টুর্নামেন্টে টিকে থাকা আর্জেন্টিনা দলের ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো।

প্রথম সেমিফাইনালের দুই দল নির্ধারিত হলেও দ্বিতীয় সেমিফাইনালের লড়াই এখনো বাকি। আজ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বনাম নরওয়ে এবং আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড মুখোমুখি হবে। এই ম্যাচগুলোতে যারা জিতবে, তাদের শিরোপার দৌড়ে পিছিয়ে রাখছেন কোর্তোয়া। গতকাল স্পেনের কাছে হেরে বেলজিয়ামের বিদায়ের পর কোর্তোয়া বলেছিলেন, “তারা বিশ্বকাপ জিততে পারে। এই দলে সেই দম আছে। আমি তো মনে করি, স্পেন-ফ্রান্স সেমিফাইনালে যারা জিতবে, তারাই বিশ্ব চ্যাম্পিয়ন হবে।”

কোর্তোয়ার এই ভবিষ্যদ্বাণী নিয়ে আর্জেন্টিনা শিবিরে প্রশ্ন করা হলে ক্রিস্টিয়ান রোমেরো সরাসরি তা নাকচ করে দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এ সবে আমরা কান দিই না।” মিসরের বিপক্ষে আগের ম্যাচে গোল করা এই ডিফেন্ডার আরও যোগ করেন, “আমরা সুইজারল্যান্ড ম্যাচ নিয়েই ভাবছি। ম্যাচটি কঠিন হবে। কোনো খেলোয়াড় কী ভাবছে, সেদিকে আমরা কান দিই না। সবারই নিজস্ব মতামত ও ভাবনার ধরন আছে। কিন্তু আমাদের মনোযোগ শুধুই সামনের ম্যাচে।”

কোয়ার্টার ফাইনালে আসার পথে মিসরকে ৩-২ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। সেই ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনাকে ম্যাচে ফেরান রোমেরো। ডিফেন্ডার হয়েও আক্রমণভাগে গিয়ে গোল করা প্রসঙ্গে তিনি রসিকতা করে বলেন, “স্ট্রাইকারের মতো সামনে চলে যাওয়াটা মুহূর্তের সিদ্ধান্ত ছিল। ২-০ গোলে পিছিয়ে থাকলে এমনটা করতেই হয়। এটা কোচের কোনো সিদ্ধান্ত ছিল না। স্কালোনি যদি আমাকে দেখতেন, তাহলে মেরেই ফেলতেন।”

বাংলাদেশ সময় আগামীকাল সকাল সাতটায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।