লেস্টার সিটির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক শেষ করে নতুন গন্তব্যের দিকে এগোতে পারেন বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব ডার্বি কাউন্টি তাকে দলে নিতে আগ্রহী বলে জানা গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের দলবদল প্রতিবেদক মাইক ম্যাকগ্রা জানিয়েছেন, লেস্টারের কাছ থেকে হামজাকে কেনার জন্য পদক্ষেপ নিয়েছে ডার্বি। গত মৌসুমে চ্যাম্পিয়নশিপে অষ্টম স্থান পাওয়া দলটি এবার তাদের মাঝমাঠ আরও শক্তিশালী করতে চায়।
তবে দুই ক্লাবের মধ্যে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বিনিময় হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। দলবদলের সম্ভাব্য মূল্য কিংবা হামজাকে স্থায়ীভাবে নেওয়া হবে নাকি ধারে, সে বিষয়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
২৮ বছর বয়সী হামজার সঙ্গে লেস্টারের চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। অর্থাৎ তিনি বর্তমান চুক্তির শেষ বছরে প্রবেশ করেছেন। এই পরিস্থিতিতে তাকে বিক্রি করে দলবদলের অর্থ পাওয়ার এটিই হতে পারে লেস্টারের শেষ বড় সুযোগ।
বর্তমানে লেস্টার ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর লিগ ওয়ানে খেলছে, অন্যদিকে ডার্বি রয়েছে দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে। ফলে এই দলবদল সম্পন্ন হলে এক ধাপ ওপরের প্রতিযোগিতায় ফিরবেন বাংলাদেশের এই তারকা ফুটবলার।
রক্ষণাত্মক মিডফিল্ডের পাশাপাশি ডান পাশের রক্ষণেও খেলার সক্ষমতা রয়েছে হামজার। তার এই বহুমুখী সামর্থ্যই ডার্বির আগ্রহের অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে।
লেস্টারের একাডেমিতে বেড়ে ওঠা হামজা ২০১৫ সালে ক্লাবটির মূল দলে সুযোগ পান। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে তিনি বার্টন অ্যালবিয়ন, ওয়াটফোর্ড ও শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলেছেন। সর্বশেষ ধারের মেয়াদ শেষে লেস্টারে ফিরে গত মৌসুমটি কাটিয়েছেন তিনি।
এখন পর্যন্ত হামজা চৌধুরী কিংবা লেস্টার ও ডার্বি কাউন্টির পক্ষ থেকে সম্ভাব্য এই দলবদল নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ফলে আলোচনা চূড়ান্ত চুক্তিতে রূপ নেয় কি না, এখন সেটিই দেখার বিষয়।