টানা তিন জয়ের ছন্দ ধরে রাখতে পারল না বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। টপ এন্ড টি-টোয়েন্টিতে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে ২১ রানে হেরে টুর্নামেন্টে প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।
ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৬৪ রান তোলে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি। ওপেনার টমাস কেলি ২০ বলে ৩৮ রানের ইনিংস খেলে দলের দ্রুত শুরু এনে দেন।
বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং স্পেল উপহার দেন আবদুল গাফফার সাকলাইন। শেষ ওভারে মাত্র ৫ রান দিয়ে তিনটি উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে বড় সংগ্রহ থেকে আটকে দেন এই মিডিয়াম পেসার। সব মিলিয়ে ৪ ওভারে ২১ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। এছাড়া অফ স্পিনার মোহাম্মদ রুবেল ৩০ রানে ৩ উইকেট শিকার করেন।
১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই উইকেট হারান জিসান আলম। তবে দ্বিতীয় উইকেটে হাবিবুর রহমানের সঙ্গে ৪৫ বলে ৬১ রানের জুটি গড়েন আরিফুল ইসলাম। ১৮ বলে ২৩ রান করে হাবিবুর আউট হলে আবারও চাপে পড়ে এইচপি দল।
এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান আরিফুল। তবে অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পতনের ফলে রান তোলার গতি বাড়াতে ব্যর্থ হয় দল। ৫৪ বলে ৬৬ রান করে আরিফুল বিদায় নেওয়ার পর ১৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৭ উইকেটে ১২৯ রান।
শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ৩৬ রান। ১৯তম ওভারে মাত্র ৩ রান আসায় শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন হয় ৩৩ রান। শেষ ওভারে ১১ রান তুলে ৯ উইকেটে ১৪৩ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।
এই হারেও চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে এইচপি। নর্দার্ন টেরিটরি স্ট্রাইকেরও পয়েন্ট ৬ হলেও নেট রান রেটে এগিয়ে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ড ‘এ’ দলের মুখোমুখি হবে এইচপি দল।